Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১০:৫৫

অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন।

যশোর: যশোরের অভয়নগরে স্কুলে ক্লাস চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

ইমরান উপজেলার বুইকারা রানাভাটা এলাকার বাসিন্দা ও বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আটকের পর ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, গত ২৬ অক্টোবর দুপুরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শিক্ষক মিলনায়তনে যান। ঐ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে জোর করে ডেকে নিয়ে শিক্ষকদের টয়লেটে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক ইমরান। সেখানে কমোডের ওপর বসিয়ে মুখ চেপে জোর করে ঐ শিশুশিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেয় ঐ শিক্ষক। বাড়ি ফিরে পরেরদিন মেয়েটি স্কুলে যেতে না চাইলে তার মা কারণ জানতে চায়। এসময় সে শিক্ষক কর্তৃক ধর্ষণের ঘটনা জানায়।

বিজ্ঞাপন

পরে ভুক্তভোগীকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
পরবর্তীতে ভুক্তভোগীর পিতা গত ২৮ অক্টোবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এরপর ধর্ষণের সহায়তার অভিযোগে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন শিক্ষক ইমরান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ঢাকার মিরপুর থানা এলাকা থেকে ইমরানকে আটক করে পুলিশ।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগী শিশু পাঁচদিন আইসিইউতে ছিলো। চিকিৎসার পর সে এখন অনেকটা সুস্থ। এই ঘটনার শিশুটির বাবা মামলা করলে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে আটক করা হয়। তবে মূল আসামি ইমরান কৌশলে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। শেষমেষ অভয়নগর থানা পুলিশের একটি টিমের হাতে তিনি আটক হয়েছে। এই ধরনের ন্যক্কারজনক ঘটনা যাতে না ঘটে সেই কারণে এই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে শিক্ষকের হাতে শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় এলাকার মানুষ ফুঁসে উঠেছে। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন ও ধর্ষণের সহযোগিতায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে বহিষ্কার করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জি. এম. আলমগীর কবির বলেন, ‘ঘটনার পর বিষয়টি জানতে পেরে অভিযুক্ত দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। দপ্তরির বিষয়ে বিদ্যালয় কমিটি তদন্ত করে ব্যবস্থা নেবে। ঘটনার পর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক ও নিয়মিত পাঠদান পরিচালনাও চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর