পিরোজপুর: মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় পিরোজপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর সদর উপজেলা কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান মল্লিক, জেলা কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ এবং সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদারসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, মানিক পশারী একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে কারও আপত্তি থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। এ বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, এ ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে দুই ব্যক্তি বক্তব্য দিয়েছেন। তাদের একজন আব্দুস সালাম বাতেন বীর মুক্তিযোদ্ধা হলেও মির্জা জহিরুল হক গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা নন বলে দাবি করেন তারা। মির্জা জহিরুল হক কীভাবে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বক্তব্য দিয়েছেন, তা তাদের বোধগম্য নয় বলেও মন্তব্য করেন বক্তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জানতে চাইবেন বলে জানান তারা।
মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের যথাযথ তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।