ফরিদপুর: ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সুজন শেখকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে র্যাব-১০’র সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ঢাকার হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় চালানো এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর র্যাব-১০ ক্যাম্পের পক্ষ থেকে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গত ২ এপ্রিল সকালে সুজন শেখ ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে উপজেলা অফিসে নেওযার কথা বলে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তিনি ওই নারীকে ধর্ষণ করেন। পরে অসুস্থ অবস্থায় ওই নারী বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী নিজেই গত ৮ এপ্রিল ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় রুজু করা হয়। ঘটনার পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তা র্যাব-১০’র অধিনায়কের কাছে সহযোগিতা চান।
র্যাব-১০’র সহকারী পরিচালক (মিডিয়া) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, ‘আসামিকে গ্রেফতারের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ ফরিদপুর ক্যাম্প ও লালবাগ ক্যাম্পের যৌথ অভিযানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুজন শেখকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।’
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।