খুলনা: খুলনার খালিশপুর এলাকায় পদ্মা ডিপোতে ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ লিটার অকটেন জব্দ করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপোয় ট্যাংকলরি থেকে ড্রামে অকটেন চুরি করছিলেন লরিচালক ইমরান ও তার সহযোগীরা—সম্রাট, মিন্টি, রানা ও বিল্লাল। এ সময় এনএসআই সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি সেল, পরিত্যক্ত সম্পত্তি সেল) উম্মে সালমা খাতুন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, ‘এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোয় গিয়ে হাতেনাতে ১০ লিটার তেলসহ পাঁচজনকে আটক করা হয়। পরবর্তী সময় তেল চুরির অভিযোগ তারা স্বীকার করেন। এর মূল হোতা ছিলেন লরিচালক। এ জন্য তার বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেল জব্দ করা হয়। তবে অপরাধের ধরণ বিবেচনায় কারাদণ্ড দেওয়া হয়নি।’