Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষকের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৭:১৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৮:১৯

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নেওয়া নানা প্রস্তুতির অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু।

টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশস্থল ও কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী টুকু বলেন, ‘আগামী ১৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে এসে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন। পহেলা বৈশাখের মতো একটি দিনে মাওলানা ভাসানির স্মৃতিধন্য টাঙ্গাইলের মাটিতে এই কর্মসূচির উদ্বোধন হওয়া জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির ঐতিহাসিক উদ্বোধন করবেন। সেখানে তিনি এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। বক্তব্য শেষে দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ। স্টেডিয়াম মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।’

এ ছাড়া, প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এবং জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর