Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা, ৪ দফা দাবি বাস্তবায়নে হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৭:৫৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:৪৪

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ঘোষিত চার দফা দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার (১১এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইন্টার্ন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম বলেন, আজ সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এরপর আমরা ৬ সদস্যের তদন্ত কমিটির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, তদন্তের পর তারা সুপারিশমালা তৈরি করেছেন। সেখানে আমাদের ইন্টার্নদের দেয়া ৪ দফা প্রতিফলিত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখন সরকারের কাছে আমাদের দাবি তারা যেন দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কতৃপক্ষ যেন দুষ্কৃতকারীদের শনাক্ত করে নাম-পরিচয় প্রকাশ এবং শাস্তি প্রদান করে। ভবিষ্যতে চিকিৎসকের ওপর এমন হামলা যেন আর না হয় এবং যদি হয় তাহলে তার শাস্তি কী হবে সেটি যেন নোটিশের মাধ্যমে ঘোষণা করে।

ডা. নাবিল বলেন, গত বুধবার দিনাজপুর মেডিকেলেও চিকিৎসকদের ওপর হামলা হয়েছে। কাজেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে সারাদেশে হাসপাতালগুলোতে একযোগে কঠোর কর্মসূচি পালন করব।

প্রসঙ্গত, গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের এক অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে হয়রানির অভিযোগ তুলে চিকিৎসকদের সাথে সংঘর্ষে জড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও পুলিশ। শনিবারই সেই কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল।

ঘটনার পর ৪ দফা দাবি জানিয়েছিল ইন্টার্ন চিকিৎসকরা। দাবিগুলো হলো- হামলাকারীদের বিরুদ্ধে মামলা, শনাক্ত ও শাস্তি নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন পাস, হাসপাতালের জরুরি বিভাগে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ মোতায়েন করা।

সারাবাংলা/এসএসআর/ইআ