হিলি: দিনাজপুরের ঘোড়াঘাটে শশা বোঝাই ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাসচালক নাসিম (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাসিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে ১০ জন যাত্রী নিয়ে একটি ভাড়ায় চালিত ‘হাই-এসি’ মাইক্রোবাস ময়মনসিংহ থেকে দিনাজপুরের অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি শশা বোঝাই ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসের ভেতর থেকে চালকসহ ১০ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রায় এক ঘণ্টা পর চালক নাসিম মারা যান।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়। আমি নিজে উপস্থিত থেকে আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্স ও তেলের ব্যবস্থা করে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।