Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে অটোরিকশাচালককে হত্যা, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৮:২৪

লক্ষ্মীপুর:​ জেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশাচালককে হত্যার ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের মো. শাকিল ও মো. সজল এবং ফেনীর দাগনভূঁইয়া উপজেলার মাহফুজুল ইসলাম মামুন।

নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে।

​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফরহাদকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ডান চোখ উপড়ে ফেলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী নার্গিস আক্তার জানান, টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফরহাদের বাবা দিদার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডে জড়িত ৫ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর