চট্টগ্রাম: জেলার রাউজানে তেলের গোডাউনে অবৈধ মজুত ,বাজার মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, ফুটপাত দখলসহ বিভিন্ন অনিয়মের দায়ে ১৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১২ এপ্রিল) উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিএসটিআই ও পুলিশের সহায়তায় রাউজান পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানটি পৌরসভার ফকির হাট, মুন্সিরঘাটা, জলিল নগর ও গহিরা এলাকায় পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট মুহাম্মদ তাহমিদুল হক জিসান।
অভিযান সূত্রে জানা গেছে, মুন্সিরঘাটা এলাকায় একটি ভোজ্য তেলের গোডাউনে অবৈধ মজুতের অপরাধে ২০ হাজার টাকা, জলিল নগর থানা সড়কের আলম স্টোরে সিলিন্ডার গ্যাস ক্রয়-বিক্রয়ের রসিদ দেখাতে না পারায় ৩ হাজার টাকা এবং গহিরা চৌমুহনী এলাকার একটি বেকারি ও মিষ্টি তৈরির কারখানা থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদ উর্ত্তীণ মালামাল রাখার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়।
পাশাপাশি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ফুটপাত দখল করে পণ্য রাখায় ৯টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফুটপাত দখল করে গড়ে ওঠা ১৫-২০টি অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি অংচিং মারমা বলেন, জনগণের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে এই যৌথ অভিযান চালানো হয়েছে। যেখানেই অনিয়ম পাওয়া গেছে, সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে বিএসটিআই-এর মেট্রোলজি পরীক্ষক মুহাম্মদ রাশেদ ও ফিল্ড অফিসার মুহাম্মদ হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।