Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার, হত্যার দাবি পরিবারের

​ স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১২:৩৫ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৪:৪৬

মৃত মো. হেলাল

লক্ষ্মীপুর: আরব আমিরাতের শারজাহতে মো. হেলাল (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। কর্মস্থলের টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি—এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মঙ্গলবার (১৪ এপ্রিল) লক্ষ্মীপুরের কমলনগরে নিহতের স্বজনরা এই অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

নিহত হেলাল কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে।

গত ১১ এপ্রিল শারজাহ শহরের ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিজ কর্মস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, হেলালকে হত্যার পর তার মরদেহ টয়লেটে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সহকর্মীর মাধ্যমে তারা মৃত্যুর খবরটি জানতে পারলেও ঘটনার পেছনে কারা জড়িত, সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

​২০২৩ সালের নভেম্বর মাসে জীবিকার সন্ধানে আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন হেলাল। তিনি সেখানকার ‘নুর আল কামাল পেইন্ট কনট্রাকটিং’ নামক একটি প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তার ভাই ফয়সালও একই প্রতিষ্ঠানে কাজ করতেন, তবে সমস্যার কারণে তিনি দেশে ফিরে আসেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হেলালের স্বজনরা।

হেলালের বাবা নুর আলম বলেন,​’আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। তাকে হত্যা করা হয়েছে। আমি বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। পাশাপাশি দ্রুত যেন আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহায়তা চাইছি।’

এই বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম জানান, বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ পুলিশকে জানায়নি। তবে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

 

সারাবাংলা/এসআর/এইচআই
বিজ্ঞাপন

বৈশাখী মেলায় ঐতিহ্যের রঙ
১৪ এপ্রিল ২০২৬ ১৪:০০

আরো

সম্পর্কিত খবর