চট্টগ্রাম: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।
চট্টগ্রামের হাটহাজারীর মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে মামলাটি করা হয়েছিল। আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, পিবিআইয়ের প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে মামলাটিতে গ্রেফতার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গত ৭ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়েছিল। মামলার নথি থেকে জানা যায়, এ মামলার বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ৬ জনকে আসামি করা হয়।
এদিকে ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়। হত্যা মামলায় পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে এবং বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।