বরিশাল: ঝালকাঠির রাজাপুর উপজেলায় আফছানা আক্তার মিম (১৮) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাগড়ি সিকদার বাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত মিম কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মো. আলমগীর হোসেনের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে তার মা মরিয়ম বেগমের সঙ্গে রাজাপুরের ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় মিমের মা মরিয়ম বেগম তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিলে তিনি মিমকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানায়, প্রায় ৮ মাস আগে মিমের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর সৌদি প্রবাসী শাওন নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, প্রেমঘটিত অভিমানে আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।