Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি লিখে না দেওয়ায় বাবার ওপর ২ ছেলের হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২১:৫১ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৯:২৫

ভুক্তভোগী বৃদ্ধ মো. আজহারুল ইসলাম (৬৪)।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ পিতাকে মারধর, অবরুদ্ধ করে রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারই দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ মো. আজহারুল ইসলাম (৬৪) উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) সাঈদ ইবনে সিদ্দিক।

অভিযোগ সূত্রে জানা যায়, আজহারুল ইসলামের দুই ছেলে মো. আল ইমরান (৩৮) ও মো. আবু হুরায়রা (৩৫) দীর্ঘদিন ধরে তার নামে থাকা জমি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তারা ওই বৃদ্ধকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে নির্যাতন করে। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিশি বৈঠক ডাকা হলেও অভিযুক্তরা সেখানে উপস্থিত হননি।

বিজ্ঞাপন

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল সকাল ৭টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে তার দুই ছেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে তারা ইট ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে আল ইমরান লাঠি দিয়ে আঘাত করলে তা প্রতিরোধ করতে গিয়ে আজহারুল ইসলামের ডান হাত মোচড় দিয়ে গুরুতর জখম করা হয়। অপর ছেলে আবু হুরায়রা ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে বড় ছেলে আ. ন. ম. রেজওয়ানুল ইসলাম এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

এ সময় অভিযুক্তরা রেজওয়ানুল ইসলামকেও মারধর করে এবং পরে আজহারুল ইসলামকে একটি ঘরে আটকে রেখে দরজায় তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর বড় ছেলে রেজওয়ানুল ইসলাম বলেন, ‘আমার ছোটো দুই ভাই বাবার কাছে জমি লিখে নিতে চাপ দিচ্ছিল। রাজি না হওয়ায় তারা বাবার ওপর নির্যাতন চালায়। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তারা কোনো বৈঠকে আসেনি।’

এ বিষয়ে অভিযুক্ত আল ইমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

পুলিশ কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘ভুক্তভোগী থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’