কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) এ. টি. এম. সিফাতুল মাজদার বলেন, ‘ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ এপ্রিল) মাগরিবের সময় ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় অভিযুক্ত জাহাঙ্গীরের দোকানে যায় শিশুটি। এ সময় আশপাশে কেউ না থাকার সুযোগে তাকে প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয়।
পরিবারের সদস্যরা জানান, বাড়িতে ফেরার পর শিশুটির আচরণে অস্বাভাবিকতা দেখা যায়। পরে রক্তের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলে সে কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দেয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি ঘটার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লেও একটি প্রভাবশালী চক্র তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। একইসঙ্গে চারদিন ধরে অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তাদের দাবি, কারা অভিযুক্তকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তা তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনতে হবে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত ছিল; অবশেষে মঙ্গলবার তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা ও চিকিৎসা চলছে।
পুলিশ কর্মকর্তা এ. টি. এম. সিফাতুল মাজদার আরও বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক অভিযুক্তকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’