Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে নিয়ম ভেঙে পেট্রোল বিক্রির দায়ে জরিমানা

লোকাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ২১:৩৩

অভিযানের মুহূর্ত।

হিলি (দিনাজপুর): জেলার ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম না মেনে ফুয়েল কার্ড ছাড়াই বাইকারকে প্রায় ১ হাজার ৫০০ লিটার পেট্রোল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌর শহরে অবস্থিত সাধনা ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের নির্ধারিত নিয়ম অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রির সুযোগ না থাকলেও সাধনা ফিলিং স্টেশনটি তা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই বিক্রি করছে।
এ বিষয়ে অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে আজকের পেট্রোল বিক্রির রেজিস্ট্রার খাতা পর্যালোচনা করে। এতে ফুয়েল কার্ড ছাড়া প্রায় ১ হাজার ৫০০ লিটার পেট্রোল বিক্রির সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় স্টেশনটির দায়িত্বরত ম্যানেজার আল মামুন অনিয়মের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুঠোফোনে জানান, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।