Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইলফোন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৪:৪৭

জব্দ হওয়া মোবাইলফোন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইলফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকা থেকে এসব মোবাইলফোন জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রাত ৩টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন-৫৩ বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ৮৮টি মোবাইলফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইলফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

বিজ্ঞাপন

জব্দ করা মোবাইলফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ সূত্রে আরও জানা যায়, গত তিন মাসে একই ব্যাটালিয়ন পৃথক অভিযানে চারজন আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ, ৩ হাজার ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইলফোন। এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫৩ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন-৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান রোধে সীমান্ত ও নদীপথে টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।’