Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৬:২৩

আটক হওয়া ব্যক্তি।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন (২৮) নামের এক চিহ্নিত মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে টেকনাফ থানার মহেশখালিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মহেশখালিয়াপাড়ার কাছের এলাকা থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তলসহ ইয়াসিনকে আটক করা হয়। আটক ইয়াসিন টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড আরও জানায়, তার বিরুদ্ধে হত্যাসহ মানবপাচারের একাধিক মামলা রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এদিকে, সীমান্তবর্তী টেকনাফ অঞ্চলে দীর্ঘদিন ধরে মানবপাচার চক্র সক্রিয় থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।