Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, ধর্মঘট শেষে সমাধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১২:৩৪

চাঁপাইনবাবগঞ্জে চলছে বাস।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগরসহ সবধরনের বাস চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে একদিন ধর্মঘট পালনের পর বাস চলাচল শুরু হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকেই বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উভয়পক্ষই নিজেদের অবস্থানকে সঠিক দাবি করে অপর পক্ষকে ‘ভুয়া’ আখ্যা দেয়। শ্রমিক কল্যাণের নামে চাঁদা উত্তোলন নিয়েও দুই পক্ষ একে-অপরকে ‘চাঁদাবাজ’ বলে অভিযোগ করে।

এ বিরোধের জেরে শুক্রবার সকাল থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বাস চলাচল বন্ধের ডাক দেয় ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। একদিনব্যাপী এ ধর্মঘটে জেলায় সবধরনের বাস চলাচল বন্ধ ছিল।

বিজ্ঞাপন

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকায় শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বৈঠকে বসেন। এ সময় পাম্পের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

পরে দুই পক্ষের বিরোধ মেটাতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমানের নেতৃত্বে আলোচনা হয়। পরে দীর্ঘ বৈঠকের পর শনিবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘গতকাল রাতে সাবেক এমপি লতিফুর রহমানের সভাপতিত্বে উভয়পক্ষই বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত হয় দুইদিন পর ডিসি সাহেবের নেতৃত্বে আমরা আবারও বসব এবং সেই পর্যন্ত সড়কে চাঁদা উত্তোলন বন্ধ থাকবে। তবে আমরা টার্মিনালে যেভাবে চাঁদা উত্তোলন করি, সেটা চালু থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর