Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুমিল্লা থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৭:১৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুমিল্লা: কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)-এর মরদেহ কুমিল্লায় উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়নামতি হাইওয়ে থানার সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। পরে দুপুরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে অনুষ্ঠিত ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে যান তিনি। শুক্রবার রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে রাত ২টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তখন তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন বলে জানান।

এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা আর কোনো যোগাযোগ করতে পারেননি। পরে শনিবার সকালে তার বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, মরদেহে বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডলে রক্তাক্ত অবস্থার আলামত ছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর