কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে নিখোঁজের একদিন পর হাসিবুল ইসলাম মোল্লা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে কুশলিবাসা গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসিবুল ইসলাম ওই এলাকার তোয়াজ উদ্দিন মোল্লার ছেলে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যাসহ মৃগীরোগে ভুগছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে আছরের নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন হাসিবুল। এরপর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে স্থানীয় এক যুবক বাগানে গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে একটি মরদেহটি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, নিহতের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার মররদেহ পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।