নেত্রকোনা: নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর এমপি মাছুম মোস্তফার গাড়ি ভাঙচুরের ঘটনায় পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলার পর থেকে শনিবার (২৫ এপ্রিল) বিকেল পর্যন্ত পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে মাছুম মোস্তফার ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় এ মামলা করেন।
পূর্বধলা জামায়াত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে এমপি মাছুম মোস্তফা একটি মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করে পূর্বধলা আসতেছিলেন। পথিমধ্যে আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে চালক জ্বালানি আনতে যান। এসময় অতর্কিতে ২৫-৩০ জন যুবক মোটর সাইকেল নিয়ে পাম্পে এসে তেল নেওয়ার নামে উত্তেজনা শুরু করে। একপর্যায়ে তারা মাছুম মোস্তফার গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় মাছুম মোস্তফা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতে চাইলে যুবকেরা তাকে ধাওয়া করে ।
খবর পেয়ে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদারসহ পূর্বধলা থানা পুলিশ এসে সংসদ সদস্য মাসুম মোস্তফাকে উদ্ধার করে ইউএনওর পাঠানো গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়।
রাত ১০টার দিকে মাছুম মোস্তফা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, ঘটনায় জড়িত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে মেরে ফেলতে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাছুম মোস্তফা জানান, রাতে পাম্পে আমি নামাজ আদায় করতে ছিলাম। অতর্কিতে তারা আমার গাড়ি ভাঙচুর করে। এরপর তারা আমার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে আমাকে উদ্ধার করেন।
এ বিষয়ে মামলার প্রধান আসামি আবু তাহের তালুকদার বলেন, ‘এ ব্যাপারে কিছু জানিনা আমি। আমি ঢাকায়। সংসদ সদস্যের ওপর হামলার ঘটনার পর দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদারকে ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলি। অযথা মিথ্যা দোহাই দিয়ে আমাকে মামলার প্রধান আসামি করা হয়েছে ‘
তিনি আরো জানান, কারণ তারা সোশ্যাল মিডিয়াতে এমপি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিভিন্ন পোস্ট দিয়েছেন। এতে এ সপ্তাহে পূর্বধলাতে ক্ষোভ বিরাজ করছে। এরই জের ধরে এ ধরনের ঘটনা ঘটেছে। যেটা কখনো কাম্য হতে পারে না।
পূর্বধলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, ‘হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্ৰেফতারে অভিযান চলমান রয়েছে।’