নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিদ্যুৎ উপ-কেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাবল ও যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।
রোববার (২৬ এপ্রিল) ভোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের অধীন ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রে এই ঘটনা ঘটে।
এ সময় প্রায় ৪ লাখ টাকা মূল্যমানের তামার তার, ডিসকানেক্ট সুইস এর ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুট করে নিয়ে যায়। চলতি লাইন থেকে এসব তার কেটে নেওয়ার ফলে পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ ৪টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: মনোয়ার হোসেন সুমন জানান, রোববার ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে ৫ থেকে ৬ জনের একটি দুর্বৃত্ত দল মোটরসাইকেলযোগে এসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে পলাশ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তারা পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পলাশ থানা পুলিশে খবর দেয়।
পলাশ থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুত অপরাধীদের ধরার চেষ্টা চলছে।