Monday 27 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে সহকর্মীর মারধরে শিক্ষিকা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১০:১৫

পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে সহকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ১৩ নম্বর ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয় চলাকালে দুপুরের দিকে ছেলেদের খেলাধুলার জার্সি খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে সহকারী শিক্ষিকা আসমা আক্তার ও হালিমা সুলতানার মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, উত্তেজিত হয়ে আসমা আক্তার বেতের লাঠি দিয়ে হালিমা সুলতানাকে একাধিকবার আঘাত করেন। এ সময় সেখানে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষিকা আসমা আক্তারের আচরণ নিয়ে এর আগেও বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। সহকর্মীদের সঙ্গে অসদাচরণ, বকাঝকা ও গালিগালাজের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক পর্যায়ে এক পুরুষ শিক্ষককে জুতা দিয়ে মারতে উদ্যত হওয়ার ঘটনাও ঘটেছিল বলে জানা গেছে।
তবে ভুক্তভোগী শিক্ষিকা হালিমা সুলতানা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযুক্ত আসমা আক্তার বলেন, হালিমা সুলতানা আগে আমাকে আঘাত করতে এলে আত্মরক্ষার্থে আমি তাকে কয়েকটি আঘাত করেছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার আলী খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জিয়ানগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার জানান, ঘটনার বিষয়ে মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের ভেতরে এমন ঘটনায় শিক্ষাঙ্গণের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।