Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থা উৎখাতে শ্রমিকরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ২০:৪৯ | আপডেট: ২ মে ২০২৬ ১১:৪৩

চট্টগ্রাম: শ্রমিকদের রক্তে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকা অবিস্মরণীয় এবং ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা উৎখাতে তারাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিকদের অবদান ছাড়া কোনো সভ্যতা টিকে থাকতে পারে না। অথচ বাংলাদেশে শ্রমিকদের যথাযথ মূল্যায়ন হয় না। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি গড়ে তুলতে শ্রমিকদের রক্ত-ঘামই প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। ফ্যাসিবাদবিরোধী প্রতিটি আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বড় অংশই শ্রমজীবী মানুষ। বিপ্লবের পর আমরা সুশাসনের প্রত্যাশা করেছিলাম, কিন্তু বর্তমান সরকার দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় শ্রমিকরা নতুন আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন।

এ সময় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশকে বহু বছর পিছিয়ে দিয়েছে। সরকারি কলকারখানা বন্ধ করে লাখ লাখ শ্রমিককে বেকার করেছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় এবং তাদের জীবনমান উন্নয়নই হতে হবে মূল লক্ষ্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের কলকারখানার কর্মপরিবেশ এখনো ঝুঁকিপূর্ণ। তিনি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ছাত্রদের শুরু করা আন্দোলন শ্রমিকদের অংশগ্রহণেই সফল হয়েছে এবং নিহত-আহতদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।

সমাবেশে নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন ফেডারেশনের সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লিগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোতোয়ালী থানার সেক্রেটারি মোস্তাক আহমদ, নগর ফেডারেশনের দপ্তর সম্পাদক স ম শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

এতে বিভিন্ন সেক্টর ও নিবন্ধিত ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর