Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মে দিবসে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ২০:৫৪

চট্টগ্রাম: জেলায় লাল পতাকা মিছিল, শোভাযাত্রা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস।

শুক্রবার (১ মে) দিনব্যাপী কর্মসূচিতে শ্রমিকনেতারা বলেন, শ্রমিকের শ্রম ও ঘামের যথাযথ মূল্যায়ন ছাড়া কোনো শিল্প বা রাষ্ট্র টেকসইভাবে এগিয়ে যেতে পারে না। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

সকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে ট্রেড ইউনিয়ন চট্টগ্রাম জেলার উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন,অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বব্যবস্থায় পুঁজির আগ্রাসন ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলে শ্রমিকরা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বব্যাপী শ্রমিকদের কাজ ও মজুরি সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় শ্রমিকদের আরও সচেতন ও সংগঠিত হতে হবে।

বিজ্ঞাপন

ট্রেড ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি তপন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক ইফতেকার কামাল খান, ফজলুল কবির মিন্টু, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুর রহিম, চা শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম ভ্যালির উপদেষ্টা প্রদীপ দাশ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর জুবলী রোড হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

এদিকে মহান মে দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে বিভাগীয় শ্রম দপ্তর। যৌথভাবে এ আয়োজনে যুক্ত ছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রম কল্যাণ কেন্দ্র।

চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। আলোচনায় সভায় আরও বক্তব্য দেন নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা এখনই নিশ্চিত করতে হবে। টেকসই শিল্পায়ন গড়তে নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি। দুর্ঘটনা ঠেকাতে মালিক ও শ্রমিককে সমন্বিতভাবে কাজ করতে হবে। মহান মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিকের মর্যাদা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

নগরীর সিআরবি শিরিষ তলায় সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রবিউল মাওলার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী, আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, আজম চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সমাবেশ, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি সব খাতে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে।

নগরীর চেরাগী পাহাড় মোড়ে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশের সঞ্চালনায় শ্রমিকের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণসংগীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পী-কর্মীরা, সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিশ্বতান এর শিল্পীরা, প্রতিবাদী আবৃত্তি করেন শান্তা সেন গুপ্ত, একক সংগীত পরিবেশন করেন সীমা দাশ। এরপর স্কেচ গ্যালারি নন্দনের পরিবেশনায় পথনাটক ‘গুপ্তবিদ্যা’ মঞ্চস্থ হয়।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর