সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঋণের কিস্তি সংক্রান্ত মামলায় জান্নাতি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেফতার করে তার দেড় বছরের শিশুসন্তানসহ কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. হাবিবুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতি খাতুনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক আগে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের একটি এনজিওতে চাকরি করতেন। চাকরির শর্ত অনুযায়ী, তিনি ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন। একই সময়ে তার স্ত্রীর নামে ৫০ হাজার টাকার ক্ষুদ্র ঋণ নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, ঋণের প্রায় অর্ধেক অর্থ পরিশোধ করা হলেও জামানতের টাকা সমন্বয় না করে জান্নাতির নামে মামলা করা হয়।
জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি চাকরির সময় জমা রাখা জামানতের টাকা ঋণের সঙ্গে সমন্বয়ের জন্য বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা তা না করে সাদা চেকের মাধ্যমে ঠিক কত টাকা দাবি করে মামলা করেছে, সেটাও আমরা জানি না।’
ঘটনাটি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের প্রশ্ন, ক্ষুদ্র ঋণের বকেয়ার কারণে গ্রেফতারের মতো পদক্ষেপ কতটা মানবিক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।