ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর মীরকান্দাপাড়া এলাকায় বৃদ্ধা নূরজাহান হত্যা ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মূল অভিযুক্ত মো. রনি মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে দুপুরে জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, নারী সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ জানুয়ারি রাতে নূরজাহানকে হত্যা করে মরদেহ খড়ের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যান রনি।
পিবিআই জানায়, গ্রেফতার রনি মিয়া একই এলাকার বাসিন্দা এবং পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি। রনি মাঝেমধ্যে তার প্রেমিকাকে নিয়ে নূরজাহানের বাড়িতে অবস্থান করতেন। বিনিময়ে ৫০০ টাকা করে ভাড়া দিতেন। তবে সর্বশেষ তিনি ভাড়া না দিয়ে চলে যান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় নূরজাহানকে হত্যা করা হয়।
ঘটনার দুই দিন পর ৩০ জানুয়ারি রাতে স্বজনেরা বাড়ির পাশে খড়ের নিচ থেকে নূরজাহানের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে নুরুন নাহার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে পিবিআই মামলাটি তদন্ত শুরু করে। তদন্তকারী কর্মকর্তা অমিতাভ দাসের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোরে শম্ভুগঞ্জ এলাকা থেকে রনি মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নিহত ব্যক্তির ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।
পরে শনিবার (২ মে) বিকেলে আদালতে পাঠানো হলে অভিযুক্ত রনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।