Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১০১ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ০৯:৩৮

ছবি: সংগৃহীত।

কুমিল্লা: কুমিল্লায় ঘুষ, তদবির কিংবা কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে ১০১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মাত্র ১২০ টাকার নির্ধারিত পরীক্ষার ফি দিয়ে এই নিয়োগ সম্পন্ন হওয়ায় বিষয়টি জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বুধবার (৬ মে) রাত সাড়ে ১১টায় কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সূত্র জানায়, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ১১২ জন প্রার্থীর মধ্যে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ১০১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। পাশাপাশি আরও ১১ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। ঘুষ ছাড়া নিয়োগ দেওয়া সম্ভব, আমরা সেটিই প্রমাণ করেছি। নিয়োগপ্রাপ্তরা সবাই মেধাবী, তাদের কাছ থেকে দায়িত্বশীল ও সৎ কর্মসম্পাদন প্রত্যাশা করছি।’

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিন রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ইসতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রম শুরু হয়। মোট ১ হাজার ৮২৩টি আবেদন জমা পড়ে। প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬৯৮ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১২ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে ১০১ জনকে নিয়োগ দেওয়া হয়।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর