কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর অভিযানে সরকারি কাজে বাধা দেওয়া ও সরকারি কর্মচারী হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (০৬ মে) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা এলাকায় অবস্থিত ১৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিপিসি-২ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে মোঃ আলী আকবর (৩২) নামের ওই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতার আলী আকবর তাজনিমারখোলা এলাকার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর ব্লক-জি/৫ এর বাসিন্দা। তার পিতার নাম মৃত দিল মোহাম্মদ।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে উখিয়া থানায় সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি কর্মচারীকে হত্যাসংক্রান্ত মামলা রয়েছে। মামলার পরোয়ানা জারির পর থেকেই তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।