চট্টগ্রাম: এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি। বৃহস্পতিবার (৭ মে) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসকদের ধারণা, তিনি ‘জাপানিজ এনসেফালাইটিস’ নামক এক ভয়ংকর ভাইরাসে আক্রান্ত ছিলেন। মাত্র কয়েক দিনের অসুস্থতায় এমন মেধাবী গবেষকের মৃত্যুতে চট্টগ্রামজুড়ে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৪ মে সামান্য জ্বর, প্রচণ্ড মাথাব্যথা ও বমি নিয়ে অসুস্থ হয়ে পড়েন ড. জুথি। প্রাথমিক অবস্থায় সাধারণ ফ্লু মনে হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ‘মাল্টিপল স্ট্রোক’ হলে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসক ডা. কাউসারুল আলম জানান, ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই রোগীর মাল্টিপল স্ট্রোক হয়েছিল। অন্যদিকে, এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী যখন তাদের কাছে পৌঁছান তখন তিনি ক্লিনিক্যালি ‘ব্রেইন ডেড’ ছিলেন। প্রাথমিক উপসর্গ ও ক্লিনিক্যাল কন্ডিশন দেখে চিকিৎসকদের প্রবল সন্দেহ যে এটি ‘জাপানিজ এনসেফালাইটিস’। এই ভাইরাস মূলত কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায় এবং সরাসরি মানুষের স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কে আঘাত করে।
জানা গেছে, ড. জুথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক শেষ করে দেশে ফেরেন। এ বছরের শুরুতেই তিনি সিভাসুর প্রফেসর হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। তিনি সিভাসুর ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ছিলেন। তার স্বামী ড. শাহরিয়ার হাসেম অর্নবও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাদের পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথির আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একজন নিবেদিতপ্রাণ গবেষক ও বিজ্ঞানীকে হারাল। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।