কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে বেদে সম্প্রদায়ের শিশুদের শিক্ষায় যুক্ত করতে বিশেষ বৃত্তি কর্মসূচি চালু করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতনের একটি বড় অংশ তিনি এ উদ্যোগে ব্যয় করেছেন বলে জানিয়েছেন।
শুক্রবার (৮ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেদে সম্প্রদায়ের শিশুদের শিক্ষার মূলধারায় যুক্ত করতে তিনি Let’s Meet Gypsy Genius নামের কর্মসূচি চালু করেছেন। এর আওতায় প্রথম ধাপে বেদে সম্প্রদায়ের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
এ ছাড়া, উচ্চমাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বিশেষ বৃত্তি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে অবহেলিত ও সুবিধাবঞ্চিত বেদে জনগোষ্ঠীর শিশুদের জন্য এ উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করেছে। তাদের মতে, শিক্ষাবৃত্তির মাধ্যমে এসব শিশু যাযাবর জীবনের সীমাবদ্ধতা পেরিয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।
বেদে সম্প্রদায়ের সভাপতি আলাউদ্দিন ওঝা বলেন, ‘সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এই মানবিক উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এতে আমাদের সন্তানরা লেখাপড়া চালিয়ে যেতে উৎসাহ পাবে এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে পারবে।’
এ বিষয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বেদে সম্প্রদায় আমাদের সমাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ বছরের পর বছর তারা শিক্ষাসহ নানা মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমি চাই, তাদের সন্তানদের মেধা বিকাশের সুযোগ তৈরি হোক।’
তিনি আরও বলেন, ‘কোনো শিশুর শিক্ষা যেন অর্থের অভাবে থেমে না যায়, সেটি নিশ্চিত করাই আমার লক্ষ্য। জনপ্রতিনিধি হিসেবে নিজের প্রথম মাসের বেতনের একটি অংশ তাদের জন্য ব্যয় করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’