Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে গণঅবস্থান, হরতালের হুঁশিয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১৯:১৮

গণঅবস্থান কর্মসূচি।

রংপুর: রংপুরে প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। কর্মসূচি থেকে অবিলম্বে এ কার্যক্রম বন্ধ না হলে হরতালসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) রংপুর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত অর্ধদিবসব্যাপী এ কর্মসূচিতে নারী-পুরুষ, প্রবীণ নাগরিক ও তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড ও লিফলেট। অনেকের মাথায় বাঁধা ছিল লাল ফিতা।

কর্মসূচির ব্যানারে লেখা ছিল, ‘জনমতকে উপেক্ষা করে গ্রাহক শোষণ ও হয়রানির প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅবস্থান’।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের অভিযোগ, নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) জনমতের তোয়াক্কা না করে গ্রাহকদের ওপর জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে। অনেক বাসাবাড়িতে চাপ সৃষ্টি করে এ ধরনের মিটার স্থাপন করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ বলেন, ‘প্রিপেইড মিটার স্থাপন নিয়ে হাইকোর্টে রিট চলমান থাকলেও নেসকো তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অনেক এলাকায় গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে এবং নানা চাপ সৃষ্টি করে মিটার স্থাপন করা হচ্ছে, যা গ্রাহকসেবার নীতির পরিপন্থি ।’

বক্তারা আরও অভিযোগ করেন, প্রিপেইড মিটারের কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ও আর্থিক চাপ বেড়েছে। বিদ্যুৎ রিচার্জের জটিলতা, জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা এবং অতিরিক্ত চার্জ আদায়ের অভিযোগ তুলে তারা এ কার্যক্রম বন্ধের দাবি জানান।

কর্মসূচিতে রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলীর সভাপতিত্বে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে রংপুরে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির নেতারা।

দেশের বিভিন্ন জেলায় প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের অভিযোগ ও বিক্ষোভের ঘটনাও কর্মসূচিতে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর