Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রীর মরদেহ ঘরে রেখে পালালো স্বামী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১১:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার পূর্ব ফাতেরঘোনা থেকে ফারজানা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী ইমন পলাতক থাকায় মৃত্যু ঘিরে রহস্য ও সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

সোমবার (১২ মে) রাত ৮টার দিকে শহরের ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারজানা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকার এজাহার মিয়ার মেয়ে। তিনি বাঁশখালী এলাকার যুবক ইমনের স্ত্রী। এ দম্পতি দীর্ঘদিন ধরে পূর্ব ফাতেরঘোনা এলাকায় মইন উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে ফারজানা তার বোনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার করে স্বামী ইমনকে দেন। সেই টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সোমবারও তাদের মধ্যে তীব্র কথাকাটাকাটি হয়।

বিজ্ঞাপন

নিহতের মা নাছিমা আক্তার বলেন, ‘মেয়ের সঙ্গে জামাইয়ের প্রায়ই ঝগড়া হতো। সোমবারও কথা কাটাকাটির একপর্যায়ে রাত ৮টার দিকে খবর পাই, আমার মেয়ের মরদেহ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাদিম আলী জানিয়েছেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনার পর নিহতের স্বামীকে পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর