ফরিদপুর: ফরিদপুরে যৌতুকের দাবিতে তৃতীয় স্ত্রী ছালেহা বেগমকে হত্যা মামলায় স্বামী জিল্লুর মোল্লাকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন।
রায়ে একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল না।
সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর মোল্যা জেলার আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের আছাদ মোল্লার ছেলে। নিহত সালেহা বেগম জেলার সালথা উপজেলার বাসিন্দা।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের জিল্লুর মোল্যার সঙ্গে সালেহার বিয়ে হয়। নিহত সালেহা বেগম ছিল আসামির তৃতীয় স্ত্রী। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় মারধর তাকে করতেন স্বামী। ২০১৯ সালের ১৮ এপ্রিল তার স্বামীর বাড়ি থেকে স্ত্রীর বাড়িতে খবর পাঠিয়ে জানানো হয় সালেহা বেগম গুল খেয়ে আত্মহত্যা করেছে।
নিহতের বাবা-মা বেঁচে না থাকায় এই ঘটনায় ভগ্নিপতি ইমরান মোল্লা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের মাধ্যমে জানা যায় তাকে হত্যা করা হয়েছিল।
রাষ্ট্রপক্ষের কৌশলী গোলাম রব্বানী খান ভূঁইয়া জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে স্ত্রীকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন। এসময় আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দেন বিচারক।