কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় ড্রেনের নির্মাণকাজ করার সময় ডাম্পারের আঘাতে জালাল (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ড্রেন নির্মাণকাজ চলাকালে একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন শ্রমিক জালাল। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জালাল দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. আবদুস সুলতান জানান, ড্রেন নির্মাণকাজ করার সময় দুর্ঘটনায় ওই শ্রমিক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।