ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে পিকআপ ভ্যানের সজোর ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপ চালক প্রবীর রায় চৌধুরী (৩৬) ও হেলপার জুয়েল (১৮)।
নিহত প্রবীর রায় লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার শিশির রায়ের ছেলে এবং হেলপার জুয়েল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীজার গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মালবাহী কাভার্ড ভ্যান মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে ঢাকাগামী একটি ছোট পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে কাভার্ড ভ্যানটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে কাভার্ড ভ্যানের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানার রাত্রিকালীন টহল দল, ভাঙ্গা ফায়ার সার্ভিস এবং শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর পিকআপের ভেতর আটকে থাকা মরদেহ উদ্ধার করে ভোর ৫টার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা যানবাহনে পর্যাপ্ত সতর্ক সংকেত না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির যানবাহনের চালকদের জন্য এ ধরনের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে বিকল বা থেমে থাকা যানবাহনে অনেক সময় রিফ্লেক্টর, লাল বাতি কিংবা সতর্কতামূলক সংকেত ব্যবহার করা হয় না। ফলে রাতের অন্ধকারে দূর থেকে এসব যানবাহন শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন শিবচর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।