খুলনা: জেলার কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৮ মে) দুপুরে কয়রা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভবতোষ মৃধা ইউনিয়নের গিলাবাড়ি বাজারের একজন ওষুধ ব্যবসায়ী। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সংঘবদ্ধ একটি চক্র ভবতোষ মৃধার মাটির ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ভবতোষ জেগে ওঠে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি শঙ্কা মুক্ত।
ওসি মো. শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।