Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২৩:৪৭ | আপডেট: ১৯ মে ২০২৬ ২৩:৪৮

পঞ্চগড়: জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেবীগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় পাপড়ি রাণী রায় (৬) নামে এক শিশু নিহত হলে বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকে আগুন দেয়। অন্যদিকে তেঁতুলিয়ায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা পাঁচকল এলাকায় দেবীগঞ্জ-বোদা মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত হন পাপড়ি। সে ওই এলাকার সেবেন্দ্রনাথ রায়ের মেয়ে এবং সোনাপোতা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় সোনাপোতা পাঁচকল এলাকায় ভুট্টা শুকানোর কাজ করছিলেন পাপড়ির বাবা। বাবাকে খুঁজতে গিয়ে সড়ক পার হওয়ার সময় দেবীগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে একই দিনে বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ধারাগছ এলাকায় ট্রাক্টর উলটে আনোয়ার হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আনোয়ার মাঝিপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ট্রাক্টরটি মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে আনোয়ার নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর