Wednesday 21 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিগত সরকারের ভুলনীতিতে সড়ক দুর্ঘটনা বেড়েছে: যাত্রী কল্যাণ সমিতি

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৬ ১৩:১৩

ঢাকা: বিগত সরকারের ভুলনীতি, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, নিরাপদ নৌ ও রেলপথের ব্যবহার বাড়ানোর পরিবর্তে সড়কনির্ভর যোগাযোগব্যবস্থা গড়ে তোলায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

বুধবার (২১ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব অভিযোগ করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, স্বাধীনতার আগে দেশের ৮০ শতাংশ মানুষের যাতায়াত হতো নৌ ও রেলপথে। সড়কপথে যাতায়াত করতেন ২০ শতাংশ মানুষ। স্বাধীনতার পর নৌ ও রেলপথ সংকুচিত করে নতুন সড়ক নির্মাণ ও সম্প্রসারণের মাধ্যমে যাতায়াত সড়কনির্ভর করা হয়েছে। এর ফলে সড়ক দুর্ঘটনাও বেড়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক খাতে অনিয়ম-দুর্নীতি, পরিবহন মালিক-শ্রমিকদের চাঁদাবাজি, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক, বেপরোয়া গতি ও ত্রুটিপূর্ণ সড়কব্যবস্থা দুর্ঘটনার অন্যতম কারণ।

সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেশে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন আহত হয়েছেন। তবে হাসপাতালগুলোর তথ্য বিবেচনায় নিলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করেছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, উন্নত গণপরিবহন ও সমন্বিত যাতায়াতব্যবস্থার অভাবে ব্যাটারিচালিত অটোরিকশা, রাইডশেয়ারিং মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা এবং বিভিন্ন অননুমোদিত যানবাহনের ব্যবহার বেড়েছে। এতে সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

দুর্ঘটনা প্রতিরোধে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটিএকে পরিবহন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচালনা, আধুনিক প্রযুক্তিনির্ভর বাস নেটওয়ার্ক ও সড়ক নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলা, চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ করেছে সংগঠনটি।

এ ছাড়া মহাসড়কে সার্ভিস লেন, ফুটপাত, পথচারী পারাপারের ব্যবস্থা, সড়কচিহ্ন ও নির্দেশক স্থাপন, নিয়মিত সড়ক নিরাপত্তা নিরীক্ষা এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর