Wednesday 21 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে: মিলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৬ ১৩:০৭

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

বুধবার (২১ অক্টোবর) সকালে হাতিরঝিল থানার মধুবাগ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইফুল আলম খান মিলন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান কাজ। কিন্তু সরকার তা করতে পদক্ষেপ নিচ্ছে না। এখনও সময় আছে জুলাই সনদ বাস্তবায়নের। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না।’

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আবু সাঈদ থেকে মুগ্ধ পর্যন্ত অনেকেই অকাতরে জীবন দিয়েছেন। আবু সাঈদের বুক চিতিয়ে গুলির মুখে দাঁড়িয়ে থাকার মতো ইতিহাস পৃথিবীতে খুব কম। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে যে রাষ্ট্রীয় সংস্কার হওয়ার কথা ছিল, তা কিছুই হয়নি। বরং সরকারি দল বিষয়টি পাশ কাটিয়ে নানা কথামালার মাধ্যমে জাতিকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

থানা ক্রীড়া সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী, মহানগরী মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াত নেতা মনির হোসাইন, আজগর হোসেন, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।

গত আগস্টে আটটি দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় তারুণ্য একাদশ ও পাওয়ার টাইটান্স। খেলায় পাওয়ার টাইটান্সকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারুণ্য একাদশ।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে