রাজবাড়ী: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রী ও কোরবানির পশুবাহী ট্রাক পারাপার নির্বিঘ্ন করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এবার চলাচল করবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ।
মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় আরও জানানো হয়, যাত্রীরা যেন ঈদের আগে বাড়িতে ও ঈদের পরে কর্মস্থলে নির্বিঘ্নে ফিরতে পারেন সে লক্ষ্যে ঈদের আগে ৫ দিন ও পরে ৫ দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ফেরিতে ওঠার সময় যাত্রীদের বাস থেকে নেমে যেতে হবে এবং এ বিষয়ে সচেতনতা তৈরি করা হবে। লঞ্চে লাইফ জ্যাকেট ও বয়া রাখা বাধ্যতামূলক করা হবে এবং ভাড়া বৃদ্ধি করা যাবে না। দৌলতদিয়া ঘাট এলাকায় বাসের ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। ঘাটে ৪জন ফায়ার সার্ভিসের ডুবুরি স্ট্যান্ডবাইতে থাকবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। কোনো অপরাধ ঘটলে ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
এ ছাড়াও যাত্রীদের জন্য ওয়াশ ব্লক, নারীদের জন্য ব্রেস্টফিডিং কর্নার, সড়কে পর্যাপ্ত আলোকসজ্জা এবং দৌলতদিয়া বাইপাস সড়কে রাতে আলোর ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানজট এড়াতে পন্টুনে রিকশা ও ইজিবাইক না ওঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও চুরি-ছিনতাই রোধে যাত্রীদের সচেতন করতে মাইকিং করা হবে। এ ছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ আরিচা নদী বন্দর কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. আল-আমিন হোসেন বলেন, দৌলতদিয়ায় আমাদের ৩, ৪ ও ৭ নম্বর ঘাট প্রস্তুত আছে। পাশাপাশি ৫ নম্বর ঘাটটি পুনর্নির্মাণ করা হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদুল আজহাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রো রো, ইউটিলিটি ও কে টাইপসহ বহরে মোট ১৭টি ফেরি থাকবে। দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বরসহ মোট তিনটি ঘাট সচল থাকবে। পানি বাড়লে ৫ নম্বর ঘাটও ব্যবহার করা যাবে।
লঞ্চ মালিক সমিতির কার্যকরী প্রতিনিধি আব্দুর রশিদ মল্লিক বলেন, ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ১২টি লঞ্চ চলাচল করবে। যাত্রীদের নিরাপত্তায় লঞ্চে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক বলেন, আসন্ন ঈদুল আজাহা উপলক্ষ্যে দৌলতদিয়া ঘাটের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে জেলা পুলিশ সর্বদা মাঠে থাকবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, গত ঈদে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। তাই এবার ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নেমে যেতে হবে। পন্টুনের ওপর ইজিবাইক ও অটোরিকশা রাখা যাবে না। দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদের আগে নির্বাহী ম্যাজিস্ট্রট থাকবে মোবাইল কোর্ট করার জন্য। যাত্রীদের থেকে পরিবহন মালিক শ্রমিকরা যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের মোবাইল কোর্ট থাকবে। সকলকে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করতে হবে। আমরা চাই, আর কোনো প্রাণ যেন ঝরে না যায়।