কুড়িগ্রাম: জেলার চিলমারীতে পুকুরের মাছ দেখতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বজরা তবকপুর এলাকার মজাই ডাঙায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুর জামালের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরে মাছ দেখতে যান রফিকুল ইসলাম। এ সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
চিলমারী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’