Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে বাঁশবাগান থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৭:২২

নিহত মিমের মরদেহ।

যশোর: জেলার ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে আবু হুরায়রা মিম (৩৫) নামে এক ইজিবাইক চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে তার বাড়ির পাশে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিম কীর্তিপুর মোড়ের মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘মিম গতকাল বুধবার (২০ মে) বিকেলে বাড়ি থেকে বের হন। এরপর আজ সকালে বাড়ির অদূরে বেনাপোল মহাসড়কের পাশের বাঁশবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর কোপের দাগ পাওয়া গেছে। আঘাতের কারণে মাথার ঘিলু বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নৃশংস এই হত্যাকাণ্ড দেখে মনে হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়। ঘটনার রহস্য উদঘাটনে প্রাথমিক তদন্ত চলছে।’

এদিকে নিহত মিমের স্ত্রী নীলা খাতুন জানান, তিনি একই গ্রামে তার বাবার বাড়িতে ছিলেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। রাতে মিমের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। এরপর একাধিকবার ফোন করা হলেও মিম আর কল রিসিভ করেননি।

নীলা খাতুনের দাবি, মিমের বন্ধুদের সঙ্গে তার শত্রুতা ছিল এবং তারাই এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর