বাগেরহাট: পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাসের পেছনের সিট থেকে মো. রাজু হাওলাদার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বাগেরহাটের মোংলা বাস স্ট্যান্ডে গাড়িটি পৌঁছালে ওই মরদেহটি পাওয়া যায়।
নিহত রাজু হাওলাদার বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া এলাকার বাসিন্দা। তিনি মো. মিজানুর রহমানে আশ্রয়ে পালিত হয়েছেন।
বিআরটিসির মোংলা বাস কাউন্টার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ওই যুবক পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেট্রো-ব-১৫-৫৪৭১’ নম্বরের বিআরটিসির বাসে যশোর থেকে ওঠেন। কিন্তু ফকিরহাটের কাটাখালী এলাকায় নামার কথা থাকলেও তিনি নামেননি।
পরে বাসটি মোংলায় পৌঁছালে বাসের পেছনের সিটে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন যাত্রীরা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মানিক চন্দ্র গাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাটে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও রহস্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।