Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে চাঁদাবাজির প্রতিবাদ করায় বাস কাউন্টার মাস্টারকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১২:৫৬

নাটোর: নাটোরের হয়বতপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় এক বাস কাউন্টার মাস্টারকে কুপিয়ে গুরুতর জখম ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৪ মে) রাত ১১টার দিকে হয়বতপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. মিজান স্থানীয় একটি বাস কাউন্টারে চাকরি করেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি হয়বতপুর এলাকায় চাঁদাবাজির দৌরাত্ম্য বেড়ে গেছে। এসব ঘটনার প্রতিবাদ করে আসছিলেন মিজান। রোববার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাজারের পাশে আগে থেকেই ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং এক পায়ের রগ কেটে নেয়।

বিজ্ঞাপন

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, ঘটনার সংবাদ পুলিশ পেয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর