নাটোর: নাটোরের সিংড়া পৌর শহরের বালুভরা-ফেরিঘাট গরুর হাটে সরকার নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ইজারাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা টাকা ফেরত দেওয়া হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে সিংড়া গরুর হাটে এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
অভিযোগ সূত্রে জানা যায়, হাটে গরুর ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত খাজনার চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছিল। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স রিফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী করম আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, হাটে উপস্থিত কয়েকজন ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত নেওয়া খাজনার টাকাও ফেরত দেওয়া হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা আদায়ের কোনো সুযোগ নেই। হাটে অনিয়মের অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় ইজারাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত আদায় করা অর্থ সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতাদের ফেরত দেওয়া হয়েছে।’