হার দিয়ে শুরু, পরে আরেক হারে টুর্নামেন্ট থেকে বিদায়—তবে এএফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিস এফসির শেষটা হলো জয়ে। শুরুতে গোল হজম করেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তাজিকিস্তানের রেগার-তাদাজকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের ক্লাবটি। শেষ ম্যাচে তিন পয়েন্ট পেলেও অবশ্য গ্রুপ পর্ব পেরোনো হলো না ফর্টিসের।
শুক্রবার কুয়েতের হাওয়াল্লির মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামে দুই দল। ১২ মিনিটে শেরজোদ মাখামাদিয়েভের গোলে পিছিয়ে পড়ে ফর্টিস। তবে ছয় মিনিট পরই প্রতিপক্ষের গোলরক্ষক লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের চিত্র বদলানোর সুযোগ পায় বাংলাদেশি দলটি।
বক্সের বাইরে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রেগার-তাদাজের গোলরক্ষক। বদলি গোলরক্ষক শাখোবিদ্দিন মাখমুদজোদা মাঠে নেমেই পা ওমার বাবুর বাঁকানো ফ্রি-কিক ঠেকিয়ে দলকে স্বস্তি দেন। প্রথমার্ধে আর গোল না হওয়ায় এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ফর্টিস।
দ্বিতীয়ার্ধে একজন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগায় বাংলাদেশের ক্লাবটি। ৬৭তম মিনিটে পা ওমার বাবুর পাস থেকে রাফায়েল টুডুর দারুণ ব্যাকহিল শটে সমতায় ফেরে ফর্টিস। চার মিনিট পরই ব্যবধান বাড়ায় তারা। মোহাম্মদ ইব্রাহিমের ক্রস থেকে অনন্ত তামাংয়ের হেডে বল পেয়ে জোরালো ভলিতে জাল খুঁজে নেন শিয়ান কাওয়াসাকি।
শেষ দিকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায় ফর্টিস। ম্যাচের ৮৮তম মিনিটে পা ওমার বাবুর সহায়তায় গোল করে দলের জয় নিশ্চিত করেন শুকি ইতোফুসা। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের ক্লাবটি।
এই জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে তিন পয়েন্ট হলো ফর্টিসের। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে কুয়েতের আল-কাদসিয়ার কাছে ৩-০ গোলে দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত হয় ফর্টিসের।