Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর উদ্ধার কলেজছাত্রের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১৬:১৩

প্রতীকী ছবি।

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। নিহত শিহাব (১৭) চট্টগ্রামের বি. এন. কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহির আহমেদ শিপনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) দুপুর আনুমানিক ১টার দিকে শিহাব কয়েকজন বন্ধুর সঙ্গে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে ডাকাতিয়া নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। নদী পারাপারের একপর্যায়ে তিনি প্রবল স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শিহাবের কোনো খোঁজ না মেলায় নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়।

পরে শনিবার (৩০ মে) সকালে চাঁদপুর থেকে আসা নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। দীর্ঘ ১৮ ঘণ্টা পর একই দিন সকালে জাকজোর-নারান্দিয়া সেতু সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্বজন ও উৎসুক জনতার ভিড় জমে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর প্রচেষ্টায় শিহাবের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।’

এদিকে, নদীতে গোসল ও সাঁতার কাটতে গিয়ে কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া নদী পারাপারের সময় দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর