খুলনা: খুলনায় ট্রেনের ধাক্কায় আলামিন মোল্লা বাবু (৩০) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি পূর্বপাড়া ৭ নম্বর ওয়ার্ডের প্রতিভা যুব সংঘ ক্লাব সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন মোল্লা বাবু খালিশপুর থানার বয়রা মহিলা কলেজ বাউন্ডারি রোডের ১৪ নম্বর হোল্ডিংয়ের কালাম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, খানজাহান আলী থানার রিকুইজিশন করা একটি সিএনজি গাড়িতে পুলিশ সদস্যরা নগরীতে টহল দিচ্ছিলেন। পথে রেললাইন পার হওয়ার সময় হঠাৎ সিএনজিটি বিকল হয়ে লাইনের ওপর আটকে যায়। এ সময় সিএনজিতে থাকা পুলিশ সদস্যরা দ্রুত লাফিয়ে নিজেদের রক্ষা করতে সক্ষম হলেও চালক আলামিন মোল্লা বাবু বের হতে পারেননি। এ সময় একটি ট্রেন সিএনজিটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।