Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে নৌকা মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৯:৩৮

মানববন্ধন ও মিছিল।

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে নৌকা মিছিল করেছে এলাকাবাসী। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমানো এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

রোববার (৩১ মে) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে এ নৌকা মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সি মানুষ অংশ নেন। এর আগে, ঘাটের পাশে ক্রসবাঁধে মানববন্ধন করেন তারা।

এ সময় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ উন নবী টিটুল, তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ ঘাট দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান বাবু, জামায়াতে ইসলামীর ফুলছড়ি উপজেলা শাখার আমীর মাওলানা সিরাজুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশুসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, এখানে সেতু হলে ঢাকার সঙ্গে রংপুর বিভাগের ৮ জেলাসহ উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে। একইসঙ্গে যমুনা সেতুর ওপর অতিরিক্ত চাপও অনেকটাই কমে আসবে। এছাড়া পণ্য পরিবহন খরচ কমবে, সময় বাঁচবে, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে। উত্তরবঙ্গের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলাতে এখানে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের কোনো বিকল্প নেই।